জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শীর্ষ তিন পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে ৩৯টি কেন্দ্রের ফল একত্রীকরণ শেষে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে।
ঘোষিত ফল অনুযায়ী, সহসভাপতি (ভিপি) পদে মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে আরিফের জয় ব্যবধান ৩ হাজার ২৬৭ ভোট।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা বিজয়ী হয়েছেন। তিনি ৫ হাজার ২ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে জয় পান।
এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় দুই দশক পর প্রথমবারের মতো জকসু ও নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়ে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স কেন্দ্রীয় মিলনায়তনে এনে ওএমআর মেশিনে গণনা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি জটিলতার কারণে গণনা সাময়িকভাবে বন্ধ থাকলেও গভীর রাতে পুনরায় শুরু হয়ে শেষ পর্যন্ত ফল ঘোষণা করা হয়।
শুরুর দিকে ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও সময়ের সঙ্গে সঙ্গে শিবির সমর্থিত প্যানেল একচেটিয়া আধিপত্য বিস্তার করে এবং শীর্ষ তিন পদেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।