নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো চিঠির জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি জানিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশকে বাধ্যতামূলকভাবে ভারতেই যেতে হবে—এমন কোনো নির্দেশনা বা পয়েন্ট কাটার হুমকি আইসিসি দেয়নি।
বিসিবির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছে যে এ বিষয়ে বোর্ডকে চূড়ান্ত নির্দেশনা বা আলটিমেটাম দেওয়া হয়েছে। তবে বিসিবি স্পষ্টভাবে জানিয়েছে, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার সঙ্গে এসব প্রতিবেদনের কোনো মিল নেই।
এর আগে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে—এমন বার্তা আইসিসি দিয়েছে। তবে বিসিবি বলছে, আইসিসির চিঠিতে এ ধরনের কোনো বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়নি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, আইসিসি বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগগুলো সমাধানে আইসিসি বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি আসন্ন টুর্নামেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির মতামতকে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে আইসিসি।
বিসিবির ভবিষ্যৎ করণীয় প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের নিরাপত্তা, সুরক্ষা ও সামগ্রিক কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আইসিসি ও সংশ্লিষ্ট আয়োজক সংস্থার সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক যোগাযোগ অব্যাহত রাখা হবে। এর মাধ্যমে ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্বিঘ্ন ও সফল অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে একটি বাস্তবসম্মত ও পারস্পরিক সমঝোতার সমাধানে পৌঁছানোর চেষ্টা চলবে।
বিসিবি আরও জানায়, কিছু গণমাধ্যমে প্রচারিত ‘আলটিমেটাম’-সংক্রান্ত খবর সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে পাওয়া কোনো বার্তায় এমন ভাষা বা অবস্থানের প্রতিফলন নেই।