ভারতের রাজস্থানের কোটা শহরে ঘটেছে এক চাঞ্চল্যকর ও অদ্ভুত ঘটনা। একটি বাড়িতে চুরি করতে ঢুকে রান্নাঘরের একজস্ট ফ্যানের ছিদ্রে আটকে পড়েন এক চোর। পা থেকে কোমর পর্যন্ত ঘরের ভেতরে এবং শরীরের বাকি অংশ বাইরে ঝুলে থাকা অবস্থায় প্রায় এক ঘণ্টা অসহায়ভাবে পড়ে থাকতে হয় তাকে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, গত ৩ জানুয়ারি সুভাষকুমার রাওয়াত তার পরিবারসহ বাইরে ছিলেন। পরদিন ৪ জানুয়ারি রাত আনুমানিক ১টার দিকে বাড়ি ফেরার সময় স্কুটারের হেডলাইটের আলো সদর দরজায় পড়তেই তারা অস্বাভাবিক একটি দৃশ্য দেখতে পান। রান্নাঘরের দেয়ালে থাকা একজস্ট ফ্যানের জায়গায় একজন মানুষ আটকে ঝুলে আছেন—এমন দৃশ্য দেখে তারা হতবাক হয়ে যান।
পুলিশ জানায়, চুরির উদ্দেশ্যেই ওই ব্যক্তি বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলেন। সরু একজস্ট ফ্যানের গর্ত দিয়ে ভেতরে ঢোকার সময় কোমর পর্যন্ত ঢুকতে পারলেও এরপর তিনি এমনভাবে আটকে যান যে আর বের হতে পারেননি। বাড়ির মালিক ফিরে আসার শব্দ পেয়ে তার সঙ্গে থাকা অন্য চোরেরা তাকে সেখানেই ফেলে পালিয়ে যায়।
চোরের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে আটক করে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, চোর চক্রটি পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি ব্যবহার করেছিল। পালিয়ে যাওয়া অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি এই চক্রটি এলাকায় সংঘটিত অন্যান্য চুরির ঘটনার সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।