ঢাকার কেরানীগঞ্জে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৪ জানুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে র্যাবের ইউনিফর্ম, একটি ওয়াকিটকি, দুটি প্লাস্টিকের অস্ত্র ও কভার এবং একটি জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— আব্দুল হক স্বপন (৫৪), মো. আনোয়ার হোসেন (৫৬) ও আবুল কালাম আজাদ ওরফে উথান (৫৪)।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর ইসলাম সুমন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ডাকাতির প্রস্তুতির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। নতুন মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।