ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলায় সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বাংলাদেশ গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ বিশ্বাস করে, কূটনৈতিক আলাপ–আলোচনার মাধ্যমেই রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা উচিত।
এতে আরও উল্লেখ করা হয়, শান্তিপূর্ণ আলোচনা ছাড়া কোনো সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের দৃঢ় ও অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এর আগে, গত শুক্রবার রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বর্তমানে তারা নিউইয়র্কের একটি ফেডারেল কারাগারে আটক রয়েছেন বলে জানানো হয়েছে।
এ ঘটনার পর ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন শহর, বন্দর ও গ্রামাঞ্চলে থমথমে পরিস্থিতি বিরাজ করে। অধিকাংশ দোকানপাট, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও আদালত বন্ধ ছিল।
এদিকে, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট রোববার সকালে দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। একই দিন টেলিভিশনে দেওয়া ভাষণে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ জানান, সেনাবাহিনী দেলসি রদ্রিগুয়েজের নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং জনগণকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।