স্পেনে বিদেশি পর্যটক আগমন উল্লেখযোগ্যহারে কমেছে
২০২৫ সালের নভেম্বর মাসে স্পেনে বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। এ সময় পর্যটক আগমন বেড়েছে মাত্র ২.১ শতাংশ, মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৭ লাখ ৮০ হাজারে। টানা সপ্তম মাসের মতো প্রবৃদ্ধি ৩ শতাংশের নিচে রইল। বিশেষ করে ফ্রান্স থেকে পর্যটক আগমন ৭.৪ শতাংশ কমে যাওয়ায় এই ধীরগতি দেখা গেছে।

জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত স্পেনে মোট ৯ কোটি ১৪ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক এসেছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩.৪ শতাংশ বেশি। তবে এ হারে চললে ২০২৫ সালে মোট পর্যটক সংখ্যা প্রায় ৯ কোটি ৭০ লাখে দাঁড়াবে, ফলে ইতিহাসে প্রথমবার ১০ কোটি পর্যটকের লক্ষ্য পূরণ হচ্ছে না।
তবে পর্যটক সংখ্যা কমলেও তাদের ব্যয় বেড়েছে। নভেম্বর মাসে বিদেশি পর্যটকদের ব্যয় ৫ শতাংশ বেড়ে ৮ হাজার ৯৪ মিলিয়ন ইউরো হয়েছে। বছরের প্রথম ১১ মাসে মোট ব্যয় দাঁড়িয়েছে ১ লাখ ২৬ হাজার ৭০৭ মিলিয়ন ইউরো, যা আগের বছরের তুলনায় ৬.৯ শতাংশ বেশি।
যুক্তরাজ্য থেকে আসা পর্যটকদের ব্যয় সবচেয়ে বেশি বেড়েছে। আমেরিকা ও এশিয়া থেকেও ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে জার্মানি ও ফ্রান্সের পর্যটকদের ব্যয় সামান্য কমেছে। মূল্যবৃদ্ধিই ব্যয় বাড়ার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে।
সরকার বলছে, তারা পর্যটকের সংখ্যার চেয়ে ব্যয়ের মান ও টেকসই পর্যটনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ধারণা করা হচ্ছে, পুরো বছরে পর্যটন খাত থেকে স্পেনের আয় ১ লাখ ৩৫ হাজার মিলিয়ন ইউরোরও বেশি হতে পারে।
মাদ্রিদে তুষারপাতের সতর্কতা
স্পেনের মাদ্রিদ অঞ্চলে আগামী রোববার বিকেল থেকে সোমবার পর্যন্ত তুষারপাত হতে পারে বলে সতর্ক করেছে আঞ্চলিক সরকার। পরিবেশ ও জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী কার্লোস নোভিয়ো জানিয়েছেন, একটি নিম্নচাপের কারণে শীতল বায়ু প্রবেশ করবে, ফলে অঞ্চলটির যেকোনো উচ্চতায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

মাদ্রিদ ১১২ জরুরি সংস্থা ইতোমধ্যে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি সভা করেছে। সোমবার ৫ জানুয়ারি থ্রি কিংস ডে উপলক্ষে বড় ধরনের শোভাযাত্রা থাকায় ওই দিনকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এজন্য স্থানীয় প্রশাসনকে শীতকালীন জরুরি পরিকল্পনা প্রস্তুত রাখা, পর্যাপ্ত লবণ মজুত ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করতে বলা হয়েছে।
এদিকে স্পেনের আবহাওয়া সংস্থা অ্যাইমেত জানিয়েছে, রোববার থেকে অন্তত মঙ্গলবার পর্যন্ত দেশটির মধ্য, উত্তর ও পূর্বাঞ্চলে নিচু এলাকাতেও তুষারপাত হতে পারে। দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
মাদ্রিদ কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকতে বলেছে এবং খাদ্য, ওষুধ ও জ্বালানির মজুত রাখা, বাড়িঘর পরীক্ষা করা ও অপ্রয়োজনীয় বাইরে চলাচল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
স্পেনে অনিয়মিত অভিবাসন প্রত্যাশীদের আগমন কমেছে
২০২৫ সালে অনিয়মিত পথে স্পেনে প্রবেশ করেছে মোট ৩৬ হাজার ৭৭৫ জন অভিবাসী। যা আগের বছর ২০২৪ সালের তুলনায় ৪২.৬ শতাংশ কম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গিয়েছিল, এবার তা স্পষ্টভাবে কমেছে।

এই হ্রাসের প্রধান কারণ ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসী আগমন ব্যাপকভাবে কমে যাওয়া। সেখানে সমুদ্রপথে আগমন কমেছে ৬২ শতাংশ। একই সঙ্গে এ রুটে ব্যবহৃত নৌকার সংখ্যাও প্রায় অর্ধেকে নেমে এসেছে।
তবে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে পরিস্থিতি ভিন্ন। সেখানে সমুদ্রপথে অভিবাসী আগমন বেড়েছে প্রায় ২৫ শতাংশ। পাশাপাশি স্থলপথে সেউতা ও মেলিয়ায় প্রবেশকারীর সংখ্যাও ৪৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মেলিয়ায় এই সংখ্যা প্রায় তিনগুণ হয়েছে।
এদিকে মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০২৫ সালে স্পেনে পৌঁছানোর চেষ্টায় বিভিন্ন অভিবাসন রুটে অন্তত ৩ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ছিল ক্যানারি দ্বীপপুঞ্জের সমুদ্রপথ।
সরকারি হিসাবে দেখা যাচ্ছে, ২০২৫ সালের অভিবাসী আগমন সংখ্যা সাম্প্রতিক আট বছরের মধ্যে মাঝামাঝি অবস্থানে রয়েছে, যা ২০১৮ সালের রেকর্ড সর্বোচ্চ সংখ্যার তুলনায় অনেক কম।
স্পেনে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা, −২০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা
আগামী সপ্তাহে স্পেনে তীব্র শীত নামতে যাচ্ছে। আর্কটিক অঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা হঠাৎ অনেক কমে যাবে বলে জানিয়েছে স্পেনের আবহাওয়া সংস্থা অ্যাইমেত।
সবচেয়ে ভয়াবহ শীত পড়বে পিরেনি পর্বতমালায়। কাতালোনিয়ার লেইদা প্রদেশের বেলভের দে সেরদানিয়া শহরে আগামী মঙ্গলবার থেকে বুধবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। তার আগের রাতেও তাপমাত্রা থাকতে পারে প্রায় মাইনাস ১৮ ডিগ্রি।

পিরেনির অন্যান্য এলাকাতেও চরম শীতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জিরোনার আলপে মাইনাস ১৭ ডিগ্রি, ভিয়েলহা ও বেনাস্কে টানা দুই রাত মাইনাস ১৬ ডিগ্রি তাপমাত্রা হতে পারে।
এই শীতল বায়ুর প্রভাবে দেশের অন্যান্য অভ্যন্তরীণ ও পাহাড়ি এলাকাতেও রাতের বেলায় তীব্র তুষারপাত ও বরফ জমার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা সড়কে বরফ, যান চলাচল এবং শিশু ও বয়স্কদের বিষয়ে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
২০২৫ সালে কাতালোনিয়ায় সড়ক দুর্ঘটনায় ১৪৪ জনের মৃত্যু
২০২৫ সালে কাতালোনিয়ায় আন্তঃনগর সড়কে সংঘটিত দুর্ঘটনায় মোট ১৪৪ জন প্রাণ হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। কাতালান ট্রাফিক সার্ভিসের তথ্য অনুযায়ী, এ বছর ১৩৬টি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। নিহতদের এক-তৃতীয়াংশই মোটরসাইকেল আরোহী।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে এপি-৭ মহাসড়কে, বিশেষ করে তারাগোনা অংশে, যেখানে ১৭ জন নিহত হন। এরপর রয়েছে এন-২ সড়ক (১১ জন), সি-৫৮ (৯ জন) ও এ-২ (৮ জন)।
নিহতদের মধ্যে ৪৩ শতাংশই ঝুঁকিপূর্ণ শ্রেণির—৪৫ জন মোটরসাইকেল আরোহী, ১২ জন পথচারী ও ৫ জন সাইকেল চালক। বাকি নিহতরা ছিলেন ব্যক্তিগত গাড়ি, ভারী যান ও ভ্যানের যাত্রী। এ ছাড়া ২০২৫ সালে গুরুতর আহত হয়েছেন ৮৬১ জন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬০ জন বেশি।
বয়সভিত্তিক হিসাবে ৫৫–৬৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি নিহত হলেও ৩৫ বছরের নিচে নিহতের সংখ্যা বেড়েছে, যা মোট মৃত্যুর ৩৫ শতাংশ। নিহতদের অধিকাংশই পুরুষ।
এলাকাভিত্তিক হিসাবে বার্সেলোনা ও লেইদা অঞ্চলে মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে তারাগোনায় কিছুটা কমেছে। জিরোনায় মৃত্যুর সংখ্যা আগের বছরের মতোই রয়েছে।
পরিসংখ্যান বলছে, বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলেও কাতালোনিয়ার সড়কে প্রাণহানি এখনো বড় উদ্বেগের বিষয়।