আইপিএল ২০২৬ মৌসুম শুরুর আগে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশের পরই ফ্র্যাঞ্চাইজিটি এই সিদ্ধান্ত চূড়ান্ত নেয়।
ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই কেকেআরকে আনুষ্ঠানিকভাবে জানায়, দলে থাকা বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে জানানো হয়েছে, তারা চাইলে মোস্তাফিজের বদলি হিসেবে অন্য কোনো খেলোয়াড় দলে নিতে পারবে।
গুয়াহাটিতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে বোর্ড কেকেআরকে মোস্তাফিজকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে।নির্দেশনা অনুযায়ী সব নিয়ম মেনে আলোচনা শেষে মোস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়েছে বলে কেকেআরও এক বিবৃতিতে জানায়।
পটভূমিতে কূটনৈতিক টানাপোড়েন ও বিতর্কবাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় মহলের কিছু অংশ কেকেআর ও মালিক শাহরুখ খানের তীব্র সমালোচনা করে।কেকেআরের স্কোয়াডে একজন বাংলাদেশি ক্রিকেটার থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআরকে বয়কটের ডাকসহ নানা বিতর্ক তৈরি হয়।
এ নিয়ে ভারতের কিছু রাজনৈতিক নেতা প্রকাশ্যে দাবি তোলেন, মোস্তাফিজকে দল থেকে সরিয়ে না দিলে কেকেআর ও শাহরুখ খানের বিরুদ্ধে আন্দোলন চালানো হবে।সেই প্রেক্ষাপটেই আইপিএল শুরুর আগমুহূর্তে বিসিসিআইের এই কড়া সিদ্ধান্ত এসেছে বলে ক্রিকেট মহলে আলোচনা চলছে।
২০১৬ সালে আইপিএলে প্রথমবারের মতো খেলতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখান মোস্তাফিজুর রহমান। পরের সময়ে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের জার্সিতে মোট ৬০ ম্যাচ খেলে ৬৫ উইকেট শিকার করেন।
২০২৫ সালের ডিসেম্বরে হওয়া আইপিএল ২০২৬ এর মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে পেতে চেন্নাই সুপার কিংসের সঙ্গে দরপত্র যুদ্ধে নামে কলকাতা নাইট রাইডার্স। উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে টেনে রেকর্ড গড়ে কেকেআর, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২০২৬ সালের মার্চ মাসে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে।এর আগে ফেব্রুয়ারি-মার্চে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবে বাংলাদেশ, যেখানে পূর্ণ ফিট থাকলে মোস্তাফিজকে স্কোয়াডে থাকার ব্যাপারে শক্ত সম্ভাবনা রয়েছে। আইপিএলে দল থেকে বাদ পড়ায় এখন মোস্তাফিজের পুরো মনোযোগ দেশীয় ক্রিকেট ও জাতীয় দলের দায়িত্বের দিকেই ঘুরে যাবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিসিবি শিগগিরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলে ক্রিকেট অঙ্গনে জোর আলোচনা চলছে।