সৌদি আরবের বাদশাহ, দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ১ জানুয়ারি ২০২৬, ১২ রজব ১৪৪৭ হিজরি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন-এর কাছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
বাদশাহ সালমান তার বার্তায় বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদ আমরা গভীর দুঃখের সঙ্গে গ্রহণ করেছি। এ শোকাবহ সময়ে আমরা আপনাদের ও মরহুমার পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।
আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি, যেন তাকে তার অসীম রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন, জান্নাতে সর্বোচ্চ স্থান দান করেন এবং আপনাদের সবাইকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করেন। নিশ্চয়ই আমরা আল্লাহর এবং তার কাছেই প্রত্যাবর্তনকারী।
এছাড়াও সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর কাছে শোক ও সমবেদনার বার্তা প্রেরণ করেন।
যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার বার্তায় বলেন,বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা শোকাহত। এই দুঃখজনক সময়ে আমরা আপনাদের ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন মরহুমাকে তার রহমত ও ক্ষমার চাদরে আবৃত করেন, জান্নাতে স্থান দেন এবং আপনাদের সবাইকে সব ধরনের ক্ষতি থেকে রক্ষা করেন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও প্রার্থনা কবুলকারী।