জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পাওয়ার পর দ্রুত অভিযানে চুরি হওয়া একটি মিনিট্রাক উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া দুজন হলেন— মো. জুবায়ের হোসেন (১৮) ও মো. রাজীব (২২)।
ঘটনাটি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, বৃহস্পতিবার ভোরে এক নারী কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান যে, তার ঢাকা মেট্রো-ন-১২-২৮৪২ নম্বরের একটি মিনিট্রাক চুরি হয়েছে। গাড়িতে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে তিনি দেখতে পান, মিনিট্রাকটি গাজীপুরের শফিপুর এলাকায় চলাচল করছে।
কলার আরও জানান, ব্যাংক ঋণের মাধ্যমে তিনি গাড়িটি কিনেছেন এবং মাসিক কিস্তি পরিশোধ করে অবশিষ্ট অর্থ দিয়ে সংসার চালান। গাড়িটি হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েন।
সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ৯৯৯ কর্তৃপক্ষ বিষয়টি গাজীপুর জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষকে অবহিত করে। এরপর জয়দেবপুর থানা পুলিশের একটি টহল দল ভোর সাড়ে ৬টার দিকে শফিপুর ফ্লাইওভারের ওপর ব্যারিকেড স্থাপন করে মিনিট্রাকটি আটক করে।
পুলিশ মিনিট্রাকটি উদ্ধার করার পাশাপাশি ভেতরে থাকা দুই চোরকে হাতেনাতে গ্রেফতার করে। পরে উদ্ধার করা গাড়িসহ গ্রেফতারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।