রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে উল্টে পড়েছে বালু ভর্তি একটি ট্রাক। এ ঘটনায় ট্রাকের ধাক্কা ও চাপায় ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১ জন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
ফায়ার সার্ভিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৭টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ছিল প্রায় ২ কিলোমিটার।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রাকটি বাজারের ভেতরে ঢুকে এই দুর্ঘটনা ঘটায়। উদ্ধার কাজে পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট অংশ নেয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় মোট ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।