রাজধানীর জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁর চিরনিদ্রার স্থান নির্ধারিত হয়।
আজ বুধবার বিকেল পাঁচটার কিছু আগে দাফন কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত জানাজায় লাখো মানুষের ঢল নামে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ জানাজায় অংশ নিতে আসেন। দুপুরের আগেই মানিক মিয়া অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার পর্যন্ত সড়কগুলো মানুষের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে দুই মিনিটের মধ্যেই তা শেষ হয়। জানাজা শেষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে পতাকায় মোড়া লাশবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে মরদেহ সমাধিস্থলের কাছে পৌঁছায়।
সমাধির নিকটবর্তী স্থানে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাঁধে করে মরদেহবাহী কফিন নিয়ে যান। সেখানে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দাফন সম্পন্ন করা হয়।
দাফনকালে পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমানের স্ত্রী শামিলা রহমান, তাঁদের দুই কন্যা জাহিয়া ও জাফিরা রহমান। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা নীরবে শ্রদ্ধা জানান।