কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শ্বশুরবাড়ির উঠান থেকে রানা আহমেদ (৩৫) নামে এক জামাইয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়ারদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন এবং দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাড়ির উঠানে রানার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে মিরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ জানান, নিহতের বাঁ চোখে রক্তের চিহ্ন পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানিয়েছেন তিনি।