সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে মানুষের ঢল। জাতীয় সংসদ ভবন সংলগ্ন এলাকায় জানাজাস্থলে রাখা হয়েছে তার মরদেহ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে শোকের ছায়া। ব্যাকুলতা আর অশ্রুসিক্ত চোখে হাজির হয়েছেন সর্বস্তরের লাখো মানুষ। যেন সব পথই এসে মিলেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল হতেই জনস্রোত বাড়তে থাকে মানিক মিয়া অ্যাভিনিউতে। খালেদা জিয়ার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই দেশের নানা প্রান্ত থেকে ঢাকামুখী যাত্রা শুরু হয়। মঙ্গলবার দুপুরের পর থেকে সেই স্রোত আরও বেগবান হয়ে ওঠে।
বাসস জানায়, মঙ্গলবার রাতেই ভোলা, বরিশাল ও চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের নেতাকর্মীরা নদীপথে সদরঘাটে এসে পৌঁছান। একইসঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গসহ বিভিন্ন জেলা থেকে আসা ট্রেন ও বাসগুলোতেও ছিল ব্যাপক ভিড়। সবার একমাত্র গন্তব্য—জাতীয় সংসদ ভবন এলাকা।
সমবেত মানুষের চোখেমুখে গভীর শোকের আবহ। দলীয় কার্যালয় ছাড়াও বিভিন্ন সড়কে উড়ছে কালো পতাকা। ঢাকার পার্শ্ববর্তী জেলা থেকে ভোর থেকেই মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। পাশাপাশি দল-মত নির্বিশেষে সাধারণ মানুষও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভিড় করছেন।
দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।