সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করায় হবিগঞ্জের চুনারুঘাটে মাওলানা মুখলিছুর রহমান (চিতল মুখলিছ) নামের এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে চুনারুঘাট পৌর শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে থানার গেট এলাকায় দাঁড়িয়ে মাওলানা মুখলিছুর রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নজরে এলে তারা তাকে আটক করার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি পালানোর চেষ্টা করলে উত্তেজিত জনতা তাকে ধরে মারধর করে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় মুরব্বিরা হস্তক্ষেপ করেন। পরে মাওলানা মুখলিছুর রহমান প্রকাশ্যে ক্ষমা চাইলে পরিস্থিতি শান্ত হয়।
যুবদল নেতা সাদ্দাম হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং এ ঘটনার সূত্রপাত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, থানার গেট এলাকায় বসে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করছিলেন। বিষয়টি জানাজানি হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে। পরে মুরব্বিদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেয়। তবে পুলিশের পৌঁছানোর আগেই স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যায়।
উল্লেখ্য, মাওলানা মুখলিছুর রহমান এর আগেও বিভিন্ন সময় আলোচনায় এসেছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিতল মাছ এবং ইউটিউবার হিরো আলমকে নোয়া গাড়ি উপহার দেওয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে পরিচিতি পান এবং ‘চিতল মুখলিছ’ নামে পরিচিত হন।