বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দেশজুড়ে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এ প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য পৃথক ও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নারীদের জন্য আলাদা করে এ ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আজ বাদ জোহর বেলা ২টায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণ করতে আগ্রহী সকলের প্রতি নিরাপত্তাজনিত কারণে কোনো ধরনের ব্যাগ বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সকলের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানানো হয়।