বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইতালির রোমে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ইতালির রাজধানীর একটি রেস্টুরেন্টের কক্ষে ইতালি যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহবুবুল আলম খোকন। এসময় তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গণতান্ত্রিক আন্দোলনের অগ্রগতি তুলে ধরেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং তারেক রহমানের নিরাপদ ও সম্মানজনক স্বদেশ প্রত্যাবর্তনে সর্বদা দোয়া করা হয়।
এছাড়া অনুষ্ঠানে ইতালি বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজের ভূমিকা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।