শহীদ শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি না পাওয়ায় আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, যে কোনো মুহূর্তে যমুনা ও সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া হতে পারে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার, পরিকল্পনাকারীদের চিহ্নিত করা এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সেখানে স্লোগান ও প্রতিবাদ কর্মসূচি চলছে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে আবদুল্লাহ আল জাবের বলেন, ‘এই হত্যাকাণ্ডের পরও সরকার কোনো ধরনের সাড়া দেয়নি। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই—কাউকেই সেফ এক্সিট দেওয়া হবে না। যারা মনে করছেন কিছুদিন ক্ষমতায় থেকে পরে বিদেশে চলে যাবেন, তারা ভুল করছেন।’
তিনি আরও বলেন, ‘রক্তের সঙ্গে বেইমানি করলে এই দেশের মাটিতেই জনতার আদালতে বিচার হবে। হাদি হত্যার বিচারে যারা বাধা দিচ্ছেন, তাদের নাম প্রকাশ করুন। আমরা পাহারা দেব, কিন্তু বিচার থেকে কেউ রেহাই পাবে না।’
সরকারের উপদেষ্টাদের উদ্দেশে কঠোর ভাষায় তিনি বলেন, ‘জনগণের ম্যান্ডেট নিয়ে সরকারে এসেছি—এই দাবি করতে কি লজ্জা করে না? হাজারের বেশি মানুষ হত্যার বিচার করতে না পারা সরকারের মুখে এই কথা মানায় না।’
আবদুল্লাহ আল জাবের জানান, আন্দোলনের পরবর্তী ধাপে পরিস্থিতি বিবেচনায় যে কোনো মুহূর্তে যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও জানান তিনি।