বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে গিয়ে তারা ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশ প্রদানসহ বায়োমেট্রিক কার্যক্রম শেষ করেন।
দুপুর ১২টা ৪৫ মিনিটে জাইমা রহমান ভোটার নিবন্ধন শেষ করে নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। পরে দুপুর ১টার দিকে তারেক রহমান নিজের নিবন্ধন কার্যক্রম শেষ করে ইসি ভবন থেকে বের হন। নির্বাচন কমিশন সূত্র জানায়, তারা ঢাকা-১৭ আসনের আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হচ্ছেন।
এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, তারেক রহমান ও জাইমা রহমান অনলাইনে ফরম পূরণের পর সরাসরি উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য দিয়েছেন। তথ্য যাচাই শেষে কারও সঙ্গে মিল না পেলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে তাদের এনআইডি নম্বর তৈরি হবে। এরপর মোবাইল মেসেজের মাধ্যমে অথবা সরাসরি স্মার্টকার্ড সংগ্রহ করা যাবে।
ভোটার নিবন্ধন শেষে নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটার তালিকা আইন অনুযায়ী কমিশনের এখতিয়ার রয়েছে যোগ্য ব্যক্তিকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার। সেই ক্ষমতাবলে তারেক রহমান ও তাঁর মেয়ে আজ নিবন্ধন সম্পন্ন করেছেন। আইরিশ ও ফিঙ্গারপ্রিন্ট যাচাই শেষে বিষয়টি কমিশনের নথিতে উপস্থাপন করা হবে এবং সম্ভাব্যভাবে এক দিনের মধ্যেই তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন।
এর আগে সকালে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি বনানী কবরস্থানে তাঁর ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবরেও শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার দেশে ফেরেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচন সামনে রেখেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করলেন তিনি।