বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ মোড় থেকে সাময়িকভাবে সরে গেছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তারেক রহমানের কবর জিয়ারতের কথা রয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে শনিবার সকালে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচির কারণে শাহবাগ মোড় থেকে সরে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে জানানো হয়, আজ দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে সেখানে উপস্থিত থাকার আহ্বানও জানানো হয়েছে।
এদিকে সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা স্লোগানের মাধ্যমে সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করছেন। ছাত্রদল নেতারা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষ্যেই তারা শাহবাগে জড়ো হয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ের শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন। শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাতভর সেখানে অবস্থান করেন।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচি শেষে আজ দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।