রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের একটি আটতলা বাণিজ্যিক ভবনের ছাদের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে পাঁচটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নির্বাপণে নিয়োজিত রয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।