দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানীর ৩০০ ফিট সড়কে বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্মভূমিতে ফিরে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। তার এই প্রত্যাবর্তন ও বক্তব্য রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে।
তারেক রহমানের বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেন জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। এক স্ট্যাটাসে তিনি লেখেন,
“আজ এ দেশের মানুষ চায়…’—এই কথাটা যখন বললেন, একদম শিরদাঁড়ায় এসে বিঁধল। কী এক মুগ্ধতা ছড়িয়ে পড়ল চারদিকে! সবার জীবনে শান্তি নেমে আসুক, আর কিছু চাওয়ার নেই।”
অভিনেত্রীর এই মন্তব্যে অনেক ভক্ত-অনুরাগী সহমত প্রকাশ করেন। একজন মন্তব্য করেন, কিছু কথা শোনা যায় না, শুধু অনুভব করা যায়—আর সেই অনুভব থেকেই জন্ম নেয় আশা, ঐক্য ও শান্তির আকাঙ্ক্ষা। মন্তব্যটির সঙ্গে লাল হার্ট প্রতিক্রিয়া জানিয়ে নিজের সমর্থন জানান পরীমণি।
এদিকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি শোবিজ অঙ্গনেও নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যা সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে।