হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় র্যাব-৯-এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মো. জালাল হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার জালাল হোসেন দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই (মুন্সিপাড়া) এলাকার বাসিন্দা।
র্যাব সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে র্যাব-৯-এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল চুনারুঘাট উপজেলার দেওরগাছ বাজার এলাকায় অবস্থানকালে গোপন তথ্য পায়। তথ্য অনুযায়ী, চন্ডিছড়া চা-বাগানের ভেতরে কয়েকজন মাদক কারবারি গাঁজা কেনাবেচার প্রস্তুতি নিচ্ছিল।
খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত সেখানে অভিযান চালান। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা তিনটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থল থেকেই মো. জালাল হোসেনকে আটক করা হয়।
পরবর্তীতে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মোট ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।