বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংবর্ধনা কর্মসূচি শেষ করে তিনি হাসপাতালে যান।
দলীয় সূত্র জানায়, সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী লাল-সবুজ রঙের বাসটি এভারকেয়ার হাসপাতালের মূল ফটকে পৌঁছায়। কয়েক মিনিট পর, আনুমানিক ৫টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
হাসপাতালের বাইরে বিপুলসংখ্যক নেতাকর্মী জড়ো হন। তাঁরা বিভিন্ন স্লোগানে তারেক রহমানের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন। গণসংবর্ধনা শেষে হাসপাতালে যাওয়ার পথে সড়কের দুই পাশে হাজারো নেতাকর্মী অবস্থান নেন। ভিড়ের কারণে হাসপাতালে পৌঁছাতে তারেক রহমানের গাড়িবহরকে কিছুটা সময় নিতে হয়। পথে তিনি গাড়ির ভেতর থেকে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন।
এর আগে বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় যোগ দেন এবং সেখানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে তিনি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।
এদিকে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান বিকেল ৫টা ১০ মিনিটের দিকে একটি সাদা মাইক্রোবাসে করে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। তাঁরা এর আগে গুলশানের বাসায় অবস্থান করছিলেন। গুলশান থেকে হাসপাতালের পথে বের হওয়ার সময়ও সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থান ঘিরে হাসপাতাল ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।