বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তারেক রহমান ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার বেলা ১টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, তারেক রহমান সপরিবারে দেশে ফেরায় তিনি তাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে তারেক রহমান বাংলাদেশে ফেরেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তারা লন্ডন থেকে সিলেটে পৌঁছান সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতির পর একই উড়োজাহাজে বেলা ১১টা ৩৯ মিনিটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ভিআইপি ফটক দিয়ে বের হয়ে তারেক রহমান রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট এলাকায় নির্ধারিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন। তাঁর আগমন উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, গণসংবর্ধনা কর্মসূচি শেষ করার পর তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মা, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।