ব্ল্যাকমেইল, চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গাজীপুরের টঙ্গী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলন সংক্রান্ত মামলার ভয় দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায়ের অভিযোগ উঠে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। তদন্তে ওই চক্রের নেতৃত্বে তাহরিমা জান্নাত সুরভীর নাম উঠে আসে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এ চক্রটি বিভিন্ন সময় ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে অন্তত ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গ্রেফতার তাহরিমা টঙ্গীর সেলিম মিয়ার কন্যা এবং তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, লাইভ স্ট্রিম এবং বিতর্কিত বক্তব্যের মাধ্যমে তাহরিমা আলোচনায় আসেন। অভিযোগ রয়েছে, নিজের পরিচিতি ও অনলাইন প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, কালিয়াকৈর থানায় দায়ের করা একটি মামলায় তাহরিমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় এবং ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও রয়েছে।
গ্রেফতারের পর তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।