দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য ও রাজকীয় সংবর্ধনার। সুবিশাল মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি এখন শেষ পর্যায়ে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা ৩০০ ফিট এলাকায় জড়ো হতে শুরু করেন। কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত পুরো সড়কজুড়ে মানুষের ঢল নামায় এলাকায় তিল ধারণের জায়গা নেই। দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
নেতাকর্মীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হচ্ছে একটিই স্লোগান— ‘লিডার আসছে’। কোথাও ছোট ছোট মিছিল, কোথাও সমবেত স্লোগান—সব মিলিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় ও দেশাত্মবোধক গান বাজছে স্পিকারবাহী ট্রাক থেকে, আর রাস্তার ধারে খাবার ও পানির অস্থায়ী দোকান বসিয়েছেন হকাররা।
নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। বুধবার রাত ৯টার দিকে সংবর্ধনাস্থল পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বাহারুল আলম।
রংপুর থেকে আসা বিএনপি কর্মী রাজু আহমেদ বলেন, “দীর্ঘদিন পর আমাদের নেতা দেশে ফিরছেন। এটি আমাদের কাছে ঈদের দিনের মতো আনন্দের। সব কষ্ট ভুলে আমরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে এসেছি।”
সরিষাবাড়ী থেকে আসা রুদ্র পলাশ বলেন, “অনেক নির্যাতন ও কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছি। গ্রামের অসংখ্য মানুষ শুধু প্রিয় নেতার প্রত্যাবর্তন দেখতে এখানে এসেছেন। আজকের রাত আমাদের কাছে চাঁদ রাতের মতো।”
দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা মঞ্চে আসবেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে ৩০০ ফিট এলাকায় নির্মাণ করা হয়েছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। গত রোববার থেকে দিন-রাত পরিশ্রম করে শ্রমিকরা মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন করেছেন। সংবর্ধনা কমিটির সদস্যরা সার্বক্ষণিক তদারকি করছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, “তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিট এলাকা মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে। আমরা আশা করছি, অন্তত ৫০ লাখ মানুষের উপস্থিতি ঘটবে।”
তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে বলে জানান দলীয় নেতারা।