ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূর ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ রয়েছে, বাথরুমে গোসলের সময় গোপনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
মামলার পর যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়া ওই তিনজনকে পর্নোগ্রাফি আইনের মামলায় সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌরসভার চরহোসেনপুর এলাকার আরাফাত হোসেন ভূইয়া রুদ্র (১৬), শরীফ মিয়া (১৫) ও তুর্জয় দেবনাথ (১৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ নিজ বাড়ির বাথরুমে অবস্থানকালে আসামিরা গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ওই ভিডিও ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে আদান-প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে চরহোসেনপুর এলাকা থেকে তিনজনকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, ভুক্তভোগীর অভিযোগের পর পর্নোগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।