চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের পৃথক অভিযানে আমদানি-নিয়ন্ত্রিত বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সিগারেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।
সোমবার (২২ ডিসেম্বর) দুবাই ও শারজাহ থেকে আসা দুটি আন্তর্জাতিক ফ্লাইটে তল্লাশি চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
কাস্টমস সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস হাউসের এআইআর শাখার সহায়তায় বিমানবন্দরের ‘এ’ শিফট তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫১৪ কার্টনে থাকা ‘মন্ড’ ব্র্যান্ডের মোট ৩ লাখ ২ হাজার ৮০০ শলাকা সিগারেট উদ্ধার করা হয়।
এর মধ্যে দুবাই থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৪ ফ্লাইটের চার যাত্রীর কাছ থেকে ৯৮৯ কার্টন সিগারেট পাওয়া যায়। ওই যাত্রীরা হলেন—মিজানুর রহমান (২৩০ কার্টন), মো. রেদোয়ান (২৭০ কার্টন), রেজাউল করিম (২৩৯ কার্টন) এবং সালাউদ্দিন (২৫০ কার্টন)।
এ ছাড়া শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি৯৫২০ ফ্লাইটে মালিকবিহীন অবস্থায় আরও ৫২৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানি নীতি আদেশ ২০২২–২৫ অনুযায়ী সিগারেট একটি নিয়ন্ত্রিত পণ্য। জব্দ করা সিগারেটের প্যাকেটে বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কীকরণ বাণী ও ক্ষতিকর ছবি না থাকায় বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। উচ্চ শুল্কযুক্ত পণ্য হওয়ায় শুল্ক ফাঁকি দিয়ে ব্যাগেজের মাধ্যমে চোরাচালানের চেষ্টা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, জব্দ করা সিগারেটগুলো ডিটেনশন মেমোর (ডিএম) আওতায় চট্টগ্রাম কাস্টমস হাউসের গুদামে সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।