অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনসুলার সেবা ও ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ রেখেছে। সোমবার (২২ ডিসেম্বর) হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
হাইকমিশন চত্বরে টানানো নোটিশে বলা হয়, উদ্ভূত পরিস্থিতির জন্য সেবাগ্রহীতাদের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কনসুলার কার্যক্রম ও ভিসা সেবা পুনরায় চালুর বিষয়ে পরবর্তীতে ঘোষণা দেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শনিবার (২০ ডিসেম্বর) ও রোববার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থি একটি সংগঠনের ২০ থেকে ২৫ জন সমর্থক বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে তারা বাংলাদেশবিরোধী স্লোগান দেয় এবং বাংলাদেশিদের ভারত ত্যাগের আহ্বান জানায় বলে অভিযোগ রয়েছে।
এদিকে একই দিনে পশ্চিমবঙ্গের শিলিগুঁড়িতে বাংলাদেশের একটি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে হাইকমিশনের নিরাপত্তা ও কনসুলার সেবাগ্রহীতাদের নিরাপত্তা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে সব সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিত হলে দ্রুত সময়ের মধ্যে সেবা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।