নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদসহ অন্তত ২০ জন ব্যক্তিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি জানান, সাম্প্রতিক হামলার শিকার দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদককেও গানম্যানের নিরাপত্তা দেওয়া হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় ৫০ জনের একটি তালিকা রয়েছে, যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তথ্য আছে। ঝুঁকিপূর্ণ বা হিটলিস্টে থাকা ব্যক্তিদের প্রয়োজন অনুযায়ী গানম্যান দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ডিজিএফআই, এনএসআই এবং এসবি যৌথভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের তালিকা প্রস্তুত করেছে। সেই তালিকা অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কেউ কেউ ব্যক্তিগত কারণে গানম্যান নিতে আগ্রহ প্রকাশ করেননি।
এ পর্যন্ত ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এদের সবাই রাজনীতিবিদ কি না—সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দেননি।