রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক শীর্ষ নেতাকে একই কায়দায় মাথায় গুলি করার ঘটনা ঘটেছে।
খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত মোতালেব শিকদার সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার বাসিন্দা এবং মৃত মোসলেম শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে পাঠানো হয়।
ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
এনসিপির খুলনা জেলা ও মহানগরের সংগঠক সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলার পেছনের কারণ এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তিনি মারা যান।
হাদির হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই একই ধরনের হামলায় আরেক রাজনৈতিক নেতাকে গুলি করার ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।