আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২১ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ঘনিষ্ঠ অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেন। পদত্যাগের পর থেকেই তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়।
ঢাকা-১০ আসনটি রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসীম উদ্দিন সরকার। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত এ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ ছাড়ার পর আসিফ মাহমুদ ও মাহফুজ আলম কোন দলে যোগ দেবেন— তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। এনসিপি কিংবা গণঅধিকার পরিষদে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় আসে। তবে এসব জল্পনার অবসান ঘটিয়ে গত ১২ ডিসেম্বর আসিফ মাহমুদ স্পষ্ট করেন, তিনি কোনো রাজনৈতিক দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা আসিফ মাহমুদের প্রার্থী হওয়া ঢাকা-১০ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।