নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে সম্প্রতি ঘটে যাওয়া একটি নিরাপত্তাসংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে রোববার থেকে ভিসা সেন্টারের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে সেন্টার পুনরায় চালুর বিষয়ে জানানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ হয়। এ সময় বিক্ষোভকারীরা ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।