বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি মুম্বাইয়ে এক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে একটি সংগীতানুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে তার গাড়িতে দুর্ঘটনাটি ঘটে। এতে তিনি মাথায় আঘাত পান বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়ার সময় নোরার গাড়িকে একটি দ্রুতগতির গাড়ি ধাক্কা দেয়। অভিযোগ রয়েছে, ওই গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন। সংঘর্ষে গাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং নোরা মাথায় আঘাত পান। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, নোরার আঘাত গুরুতর নয়। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
দুর্ঘটনার কিছু সময় পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থার কথা জানান নোরা ফাতেহি। তিনি লেখেন, ‘আজ আমি একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মধ্য দিয়ে গিয়েছি। একজন মদ্যপ চালক আমার গাড়িতে ধাক্কা দেয়। আঘাত লাগলেও আমি নিরাপদ আছি—এ জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত, তবে বড় ধরনের ক্ষতি না হওয়ায় তিনি স্বস্তিতে আছেন।
আঘাত পাওয়ার পরও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী নোরা সানবার্ন ফেস্টিভ্যালে ডিজে ডেভিড গেটার সঙ্গে মঞ্চে পারফর্ম করেন, যা ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
এদিকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া অবস্থান জানিয়ে নোরা বলেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো কখনোই গ্রহণযোগ্য নয়। দয়া করে নিজের ও অন্যের জীবনের ঝুঁকি নেবেন না।’
মুম্বাই পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।