আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই দৈনিক প্রথম আলো কার্যালয়ে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন পত্রিকাটির সংবাদকর্মীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে পত্রিকাটির কার্যালয়ের সামনে স্বল্প সময়ের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান সংবাদকর্মীরা।
মানববন্ধনে প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ বলেন, পত্রিকাটির ইতিহাসে এই প্রথম এমন কঠিন ও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তিনি বলেন, স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে।
এদিকে ঢাকায় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হেনস্তার ঘটনাসহ সব ধরনের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
শুক্রবার দুপুরে এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর মাধ্যমে সংঘটিত সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ ও জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ড সরকার দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানায়। একই সঙ্গে তিনি দেশের নাগরিকদের এসব সহিংসতার বিরুদ্ধে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।
এর আগে একই দিন প্রধান উপদেষ্টা টেলিফোনে প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের সম্পাদকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ওপর এই অনাকাঙ্ক্ষিত ও ন্যক্কারজনক হামলায় তিনি গভীরভাবে মর্মাহত। সরকার এই সংকটকালে তাদের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি। খুব শিগগিরই তাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের কথাও জানান প্রধান উপদেষ্টা।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা নিয়ে দেশজুড়ে নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।