ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। পরে বিমানবন্দর থেকে তাঁর মরদেহ সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নেওয়া হবে।
শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ছয়টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মদানকারী এই বীরকে গ্রহণ জানাতে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে এয়ারপোর্ট থেকে শাহবাগগামী সড়কের দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিমানবন্দর থেকে মরদেহ শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ ওসমান হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাখা হবে বলে জানানো হয়েছে।