ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদী হল নামকরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হলের সামনে ‘শহীদ ওসমান হাদী হল’ লেখা একটি ব্যানার টানিয়ে দেন তারা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর মৃত্যুর প্রতিবাদে ওই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ফেসবুক গ্রুপে হলের নাম পরিবর্তনের দাবি জানানো হয়। এসব দাবির প্রতি অনেক শিক্ষার্থী প্রকাশ্যে সমর্থন ও সংহতি জানান।
এ সময় কয়েকজন শিক্ষার্থী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম পরিবর্তন করে শহীদ ফেলানী হল রাখার প্রস্তাবও তোলেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করে।
মুজিব হল সংসদের সাধারণ সম্পাদক আহমেদ আল সাবাহ বলেন, ধারাবাহিক হত্যাকাণ্ড ও সহিংসতার দায় এড়ানো যায় না। তিনি দাবি করেন, এর আগেও দুই দফা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হলের নাম পরিবর্তনের দাবি জানানো হয়েছিল, কিন্তু প্রশাসনিক জটিলতা ও প্রভাবশালী মহলের কারণে তা কার্যকর হয়নি। তার ভাষায়, ওসমান হাদীর মৃত্যুকে তারা নিজেদের ব্যর্থতার ফল হিসেবেই দেখছেন। এ কারণেই শিক্ষার্থীরা হলটির নাম পরিবর্তন করে শহীদ শরিফ ওসমান হাদীর নামে নামকরণ করেছেন।
হল সংসদের সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) মুশফিক তাজওয়ার মাহী বলেন, কোনো হত্যার সঙ্গে সংশ্লিষ্ট নাম বহনকারী ব্যক্তির নামে হল রাখা গ্রহণযোগ্য নয়। তিনি জানান, শিক্ষার্থীরা আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোনো হল রাখতে চান না এবং মুজিব হলকে শহীদ শরিফ ওসমান হাদীর নামেই পরিচিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ও আলোচনা অব্যাহত রয়েছে।