আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ঋণ নিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, দেশের রিজার্ভ বৃদ্ধি করতে হবে নিজেদের সক্ষমতা ও অর্থনৈতিক শক্তির ভিত্তিতেই।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত ‘ব্যাংকিং সেক্টর রিফর্ম, চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
গভর্নর জানান, বর্তমানে দেশের খেলাপি ঋণের হার প্রায় ৩৬ শতাংশে পৌঁছেছে, যা বিশ্বে সর্বোচ্চগুলোর একটি। তবে এ বিষয়ে কোনো তথ্য গোপন করা হয়নি উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বর মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অর্থনীতি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন গভর্নর। তিনি বলেন, “ধার করে কিংবা আইএমএফ থেকে অর্থ এনে রিজার্ভ বাড়ানোর প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য নিজেদের সক্ষমতায় রিজার্ভ বাড়ানো।”
তিনি আরও জানান, চলতি বছর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ থেকে ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যমতে, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশের মোট (গ্রস) রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৪৮ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৭ দশমিক ৮২ বিলিয়ন ডলার।