ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবেশে গাঁজা পাচারের সময় মা-মেয়েসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের সুলতানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের বাসিন্দা রীনা আক্তার (৪৩), তার মেয়ে আছমা আক্তার (২৩), একই উপজেলার নয়াদিল এলাকার আবদুল হান্নান (৪৫) এবং কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের জরিনা বেগম (৪০)। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা পুলিশ মিডিয়া উইং মঙ্গলবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাসহ তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে অটোরিকশার ভেতর থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার হওয়া তিন নারীর বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।