বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ভারত। বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাকে ডেকে পাঠানো হয় বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যামের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিবেশ নিয়ে ভারতের অবস্থান তুলে ধরা হয়। বিশেষ করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে কিছু চরমপন্থী গোষ্ঠীর ঘোষিত কর্মসূচি এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল বিভ্রান্তিকর বয়ান তৈরির চেষ্টা করছে, যা ভারত প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে বাংলাদেশে এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া এবং দুই দেশের মধ্যে অর্থবহ তথ্য বিনিময়ের ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি মুক্তিযুদ্ধকালীন সহযোগিতা এবং পরবর্তী সময়ের পারস্পরিক উন্নয়নমূলক উদ্যোগ। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের পক্ষে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
এদিকে একই দিনে ‘চলমান নিরাপত্তা পরিস্থিতি’ বিবেচনায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র দুপুর ২টা থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
উল্লেখ্য, এর তিন দিন আগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য এবং বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড নিয়ে ঢাকার উদ্বেগ তুলে ধরা হয়। পাশাপাশি ওসমান হাদির ওপর হত্যাচেষ্টায় জড়িত কেউ ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বানও জানানো হয়।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ে যোগাযোগ বাড়লেও পারস্পরিক উদ্বেগ ও বক্তব্যের কারণে কূটনৈতিক অঙ্গনে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে।