‘জুলাই ঐক্য’ নামে একটি প্ল্যাটফর্মের ডাকে আয়োজিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়েছে। বুধবার বিকেলে ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে লং মার্চ শুরু করলে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পুলিশ ব্যারিকেড দিয়ে বিক্ষোভকারীদের আটকে দেয়।
বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলটি হাইকমিশনের দিকে অগ্রসর হলে পুলিশ সেখানে বাধা দেয়। এতে বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নিয়ে বিভিন্ন বক্তব্য দিতে শুরু করেন। পরিস্থিতির কারণে ওই এলাকায় কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
এর আগে দুপুর থেকেই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সেখানে উপস্থিত হন। পরে তারা মিছিল আকারে হাইকমিশনের দিকে রওনা হন।
চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
এদিকে বাংলাদেশে ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ জানানো হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক রীতি অনুযায়ী বাংলাদেশে অবস্থানরত ভারতীয় মিশন ও পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশার কথা উল্লেখ করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে ‘জুলাই ঐক্য’ এই কর্মসূচির ঘোষণা দেয়। বিজ্ঞপ্তিতে জুলাই গণহত্যার পর ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের দেশে ফেরত আনা, পাশাপাশি ভারতীয় প্রক্সি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরা হয়। এসব দাবির প্রেক্ষিতেই ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।