ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তথাকথিত ‘সন্ত্রাসী কার্যক্রম’ প্রতিহত করার দাবিতে আজ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করেছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে রোববার (১৪ ডিসেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী সকল রাজনৈতিক দলকে নিয়ে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে। তবে ভারতপন্থি কোনো ব্যক্তি বা সংগঠনকে এ কর্মসূচিতে আমন্ত্রণ জানানো হয়নি।
তিনি আরও বলেন, শহীদ মিনার থেকেই ভারতীয় আগ্রাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। দেশপ্রেমিক সব রাজনৈতিক দলকে এই সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হচ্ছে।
এ সময় ইনকিলাব মঞ্চের আরেক সদস্য ওসমান হাদির শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তার অবস্থার এখনো কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের অনুমতি মিললেই তাকে বিদেশে পাঠানো হবে। এ উদ্দেশ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি এয়ার অ্যাম্বুল্যান্স ভাড়া করা হয়েছে বলেও জানান তিনি।
আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় দেশের গোয়েন্দা সংস্থাগুলো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো নিজেরা তথ্য সংগ্রহ না করে ইনকিলাব মঞ্চের কাছে সিসিটিভি ফুটেজ চেয়েছে, যা তাদের দায়িত্বহীনতারই প্রমাণ। হামলাকারীদের কর্মকাণ্ড অনুসরণ করে দ্রুত গ্রেপ্তার করাই ছিল সংশ্লিষ্ট সংস্থাগুলোর করণীয় বলে মন্তব্য করেন তিনি।