ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে নাসরিন (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাসরিন খুলনা জেলার তেরোখাদা উপজেলার পাচুরিয়া এলাকার বাসিন্দা মো. মজিদ ফরাজির মেয়ে বলে জানা গেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে যৌনপল্লীর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অতিরিক্ত ইয়াবা সেবনের ফলে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে নাসরিন নিজ কক্ষে ঘুমাতে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরের ভেতরে প্রবেশ করে তাকে বিছানায় নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহ পাঠিয়ে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমীর হোসেন জানান, নিহত নারী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ মাদক সেবনে আসক্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।