কলকাতার একটি অভিজাত হোটেলেই দেখা হয়ে গেল বিশ্ব ফুটবলের মহাতারকা লিয়োনেল মেসি ও বলিউড সুপারস্টার শাহরুখ খানের। যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানের আগে হোটেলে সৌজন্য সাক্ষাতে মিলিত হন দুই আইকন। মেসির সঙ্গে ছিলেন তাঁর দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এবং আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি’পল। শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর ছোট ছেলে আব্রাম।
শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছান মেসি। বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যান হোটেলে। ভোরে শহরে আসেন শাহরুখ খান। সকালেই হোটেলে গিয়ে মেসির সঙ্গে দেখা করেন তিনি। মূল আয়োজক শতদ্রু দত্ত দুই তারকার পরিচয় করিয়ে দেন। হাসিমুখে করমর্দনের পাশাপাশি মেসি স্নেহভরে কাছে টেনে নেন আব্রামকে। কুশল বিনিময়ের পর একসঙ্গে ছবি তোলেন তাঁরা। এই সাক্ষাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুও।
১৪ বছর পর আবার কলকাতায় পা রাখলেন লিয়োনেল মেসি। শহরে তাঁর উপস্থিতি ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। শনিবার সকাল থেকেই শুরু হয় ব্যস্ত সূচি। হোটেলে ‘মিট অ্যান্ড গ্রিট’ পর্ব শেষে ভার্চুয়ালি নিজের একটি মূর্তি উন্মোচন করেন মেসি। এরপর যুবভারতী ক্রীড়াঙ্গনের উদ্দেশে রওনা দেন তিনি।
স্টেডিয়ামে অনুষ্ঠানে যোগ দেন শাহরুখ খান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে একটি সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সংবর্ধনা ও সংক্ষিপ্ত বক্তব্যের আয়োজন করা হয়। কয়েক ঘণ্টার এই কর্মসূচি শেষ করেই কলকাতা ছাড়েন মেসি।
কলকাতা পর্ব শেষ করে শনিবার দুপুরে তিনি হায়দরাবাদের উদ্দেশে রওনা দেন। সেখানে ‘গোট কাপ’ নামে একটি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সন্ধ্যায় একটি বিশেষ ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির। রাতে তিনি থাকবেন হায়দরাবাদেই।
১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়ায় ‘প্যাডেল কাপ’-এ অংশ নেওয়ার পাশাপাশি একটি প্রদর্শনী ম্যাচেও যোগ দিতে পারেন তিনি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে থাকবে চ্যারিটি ফ্যাশন শো ও বিশেষ নিলাম। সেখানে খুদে ফুটবলারদের নিয়ে কোচিং ক্লিনিকেও অংশ নেবেন মেসি, যার নাম দেওয়া হয়েছে ‘প্রজেক্ট মহাদেব’।
১৫ ডিসেম্বর দিল্লিতে সফরের মাধ্যমে শেষ হবে মেসির ভারত পর্ব। সেখানে তিনি রাষ্ট্রীয় পর্যায়ের অনুষ্ঠানে অংশ নেবেন এবং তরুণ ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন। এরপরই ভারত ছাড়ার কথা রয়েছে বিশ্ব ফুটবলের এই মহাতারকার।
লিয়োনেল মেসির এই ভারত সফরের নাম দেওয়া হয়েছে ‘গোট ট্যুর অফ ইন্ডিয়া’—যা ফুটবলপ্রেমীদের কাছে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।