ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নানকে আটক করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, তদন্তের অংশ হিসেবে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা হয়েছে। পরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল হান্নানের মোটরসাইকেলের নম্বর ৫৪-৬৩৭৫। তার বাবার নাম মো. আবুল কাশেম। তিনি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ জেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, হামলার ঘটনায় আব্দুল হান্নানের কোনো প্রত্যক্ষ সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর থেকেই হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করছে।