ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও বিশেষ টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সন্দেহভাজনরা যাতে সীমান্ত ব্যবহার করে দেশত্যাগ করতে না পারে, সে লক্ষ্যে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা।
দিনাজপুর ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই সীমান্ত ও সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত বিশেষ টহল কার্যক্রম শুরু করা হয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর কড়া নজর রাখা হচ্ছে।
এছাড়া সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় জনগণকে সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারলে দ্রুত বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, ভবিষ্যতেও সন্ত্রাসী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে সন্ত্রাসবিরোধী অভিযান, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। দেশের নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বাহিনী সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরীফ ওসমান হাদি। ঘটনার পর থেকে হামলাকারীদের গ্রেপ্তারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযান চলছে। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন রয়েছেন।