গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা পুনরুদ্ধার হয়েছে। তবে তার সার্বিক শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এসব তথ্য জানায় মেডিকেল বোর্ড।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় অস্ত্রোপচার সম্পন্ন করার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণ অনুযায়ী—
হাদির মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার শেষ হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে। ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুসরণ করে প্রয়োজনীয় সব ধরনের লাইফ সাপোর্ট চালু রয়েছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
তার ফুসফুসে গুরুতর আঘাত রয়েছে। চেস্ট ড্রেইন টিউব দিয়ে অল্প পরিমাণ রক্ত বের হচ্ছে, যা আপাতত সচল রাখা হয়েছে। ফুসফুসে সংক্রমণ ও এআরডিএস (ARDS) প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রয়েছে।
মেডিকেল বোর্ড জানায়, হাদির কিডনির কার্যক্ষমতা বর্তমানে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। এই অবস্থা ধরে রাখতে নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স যথাযথভাবে বজায় রাখা হচ্ছে।
এর আগে শরীরে রক্ত জমাট বাঁধা ও অতিরিক্ত রক্তক্ষরণের অসামঞ্জস্যতা (ডিআইসি) দেখা গেলেও তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী রক্ত ও রক্তজাত উপাদান দেওয়া হচ্ছে।
এ ছাড়া ব্রেন স্টেম ইনজুরির কারণে রক্তচাপ ও হৃদস্পন্দনের ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট চালু আছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে জরুরি ভিত্তিতে টেম্পোরারি পেসমেকার স্থাপনের জন্য চিকিৎসক দল প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, রেডিওলজি, আইসিইউ, অ্যানেস্থেশিয়া, নিউরোসার্জারি ও সংশ্লিষ্ট সব বিভাগের চিকিৎসক ও স্টাফদের পেশাদার ও মানবিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মেডিকেল সামারি রোগীর ভাই ও নিকটাত্মীয়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে।
এ ছাড়া অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করা, কোনো দর্শনার্থী না আসা এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে হাদির ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় সহযোগিতা কামনা করা হয়েছে।
মেডিকেল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে হাদির দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।