গোপালগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা একই স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়।
বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিকট শব্দ ও ধোঁয়ার কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও ফুটেজে দেখা যায়, আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকা মুহূর্তেই ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তিরা আদালতের সামনের তিন রাস্তার মোড়ে দুটি হাতে তৈরি বিস্ফোরক সদৃশ বস্তু নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। বিস্ফোরণের ফলে বিকট শব্দ হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।