ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে কালভার্ট এলাকার কাছে নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান, তার মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে কোমায় রয়েছেন। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ বলেন, তার অবস্থা অত্যন্ত সংকটজনক।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক গুলিবিদ্ধ অবস্থায় তার হাসপাতালে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতালে উপস্থিত তার সহকর্মীরা সাংবাদিকদের জানান, তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে বি নেগেটিভ রক্তের প্রয়োজন।
ঘটনার পর ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাস্থলের তথ্য সংগ্রহে একটি দল পাঠিয়েছেন। তদন্ত দল বিস্তারিত নিশ্চিত করার পর পরবর্তী তথ্য জানানো হবে বলে তিনি জানান।
নির্বাচনী পরিবেশের মধ্যে এ ধরনের হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।