ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি অজ্ঞাত হামলাকারীদের গুলিতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর বিজয়নগরের কালপাট এলাকায় নির্বাচনী প্রচারণার সময়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক হাদিকে হাসপাতালে আনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় তাকে এখানে আনা হয়েছে।”
ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, তারা ঘটনাটির বিষয়ে প্রাথমিকভাবে খবর পেয়েছেন এবং পুলিশের একটি টিম ঘটনাস্থলে যাচাই-বাছাই করছে। নিশ্চিত তথ্য পাওয়া গেলে পরে বিস্তারিত জানানো হবে।
হাদির সঙ্গে থাকা রাজনৈতিক সহকর্মীরা জানান, প্রচারণার সময় দুইজন মোটরসাইকেল আরোহী কাছে এসে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাদের দাবি, হাদি মাথায় গুলিবিদ্ধ হয়েছেন এবং তার জন্য বি-নেগেটিভ রক্তের প্রয়োজন।
এর আগে গত নভেম্বর মাসে দেশি-বিদেশি কয়েকটি নম্বর থেকে মৃত্যুর হুমকি পেয়েছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন শরিফ ওসমান হাদি। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, তাকে হত্যা ও বাড়িতে হামলা চালানোর পাশাপাশি তার পরিবারের সদস্যদের ওপর যৌন সহিংসতার হুমকি দেওয়া হয়েছিল।